News71.com
 Bangladesh
 25 Aug 17, 10:37 AM
 193           
 0
 25 Aug 17, 10:37 AM

বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার অজানা সবকিছু প্রকাশ করে যাব: প্রধান বিচারপতি

বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার অজানা সবকিছু প্রকাশ করে যাব: প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেলহত্যা মামলার সব তথ্য প্রকাশ করে যাবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার অনেককিছুই তদন্তে উঠে আসেনি। এই মামলার তদন্ত ও প্রসিকিউশনে অনেক ত্রুটি ছিল। একদিন আমি সবকিছু লিখে প্রকাশ করে যাব।’ গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন’ নামের একটি আইন বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে ব্যথিত হয়েছি। বাচ্চা ছেলে রাসেলকে (শেখ রাসেল) পর্যন্ত হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত ও প্রসিকিউশনে অনেক ত্রুটি ছিল। জেলহত্যা মামলাতেও অনেক ত্রুটি ছিল, অনেক গাফিলতি ছিল। বিচারপতি হওয়ায় তা বলতে পারিনি। এ নিয়ে আমি কিছু লেখার চেষ্টা করছি। জেলহত্যা মামলা ও বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে লিখব আমি। সবকিছু প্রকাশ করে যাব।’প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা দুইটি রায় পর্যালোচনা করে দেখবেন। আমরা আপিলে ট্রায়াল কোর্টের রায় ও হাইকোর্টের রায় রাখিনি। ওই দুই রায় না মেনে আমরা পরিষ্কার বলেছি, এটা ক্রিমিনাল কন্সপিরেসি ছিল। এই কন্সপিরেসি ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়েছিল। এই কন্সপিরেসিতে যারা জড়িত ছিল, প্রত্যেকে সমানভাবে দায়ী।’এস কে সিনহা আরও বলেন, ‘আমরা মাত্র কয়েকজনের বিচার করতে পেরেছি। তাদের বিচার হয়েছে যারা ওই রাত্রে ওখানে মার্চ করেছিল। জ্বালাময়ী বক্তব্য দিয়ে তাদের ৩২ নম্বরে আনা হয়েছিল। তখন তো কন্সপিরেসি ডিসক্লোজড হয়ে গিয়েছিল। আমি প্রধান বিচারপতি হিসেবে এখন হয়তো পারছি না, কিন্তু আমি একদিন হয়তো লিখে যাব। আমি দেখিয়ে দেবো ষড়যন্ত্রের মধ্যে কারা কারা ছিল। সেনাবাহিনীর মধ্যেও অনেকে সরকারি কোষাগার থেকে সাহায্য নিয়ে চলে গিয়েছে (দেশের বাইরে)।

’আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি, ইদানীং আপনাদের মধ্যে প্রফেশনালিজম একটু কম দেখা যাচ্ছে। আপনারা গরীব ও অসহায় বিচারপ্রত্যাশীদের কাছে আইনের ন্যায্য সুবিধা পৌঁছে দেবেন।’ ব্যক্তিগতভাবে রাজনৈতিক চর্চা করলেও বিচারপতি হলে অতীত ভুলে সঠিক বিচার করার আহ্বান জানান তিনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন