
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় আবারো তিতাস গ্যাসের অভিযানে বিচ্ছিন্ন করা হলো প্রায় ৮ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ। এ সময় জব্দ করা হয়েছে শাখা লাইনে ব্যবহৃত নিম্ন মানের পাইপ,রাইজার ও গ্যাসের চুলাসহ নানা উপকরণ সামগ্রী। আজ বৃহস্পতিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার জিরানী এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে স্থাপনকৃত নিম্ন মানের গ্যাস সংযোগের পাইপ লাইন মাটির নিচ থেকে উপড়ে ফেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির ব্যবস্থাপক (বিপণন) সিদ্দিকুর রহমান জানান,জিরানীর মরিচকাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭-৮ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে শাখা লাইনে ব্যবহৃত নিম্নমানের পাইপ,রাইজার ও গ্যাসের চুলাসহ নানা উপকরণ সামগ্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন,গত কয়েক মাস পূর্বেই এই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাতের আঁধারে আবারো অবৈধ ভাবে সংযোগ প্রদান করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য যে,প্রায় দেড় বছর ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেখানে বৈধ সংযোগের সংখ্যা রয়েছে মাত্র ৫০ হাজার।