
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাইকারি হারে কথা বলছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যুব মহিলালীগ এ মানববন্ধনের আয়োজন করে। আমু বলেন, প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাকে মনে রাখতে হবে দেশের অন্যান্য অনেক রাজনৈতিক দলের মত আওয়ামী লীগ কোন ঠুনকো দল নয়। কোনো সামরিক জান্তার পকেট থেকে এ দলের সৃষ্টি হয়নি। আওয়ামীলীগ তথা জাতীর জনক বঙ্গবন্ধু'র নেতৃত্বে ত্রিশ লক্ষ বাঙালীর রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরও বলেন, শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা নড়েচড়ে বসে। নতুনভাবে পানি ঘোলা করার চেষ্টা করে। পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি আওয়ামীলীগকে ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। আওয়ামী লীগের অন্যতম নিতি নির্ধারক এই বর্ষীয়ান নেতা প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, আপনি যাদের খুশি করার জন্য এসব কথা বলছেন তারা আপনার বন্ধু নয়, শত্রু। তাদের চিহ্নিত করুন।
তিনি প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের অসঙ্গতিপূর্ণ কথাগুলো প্রত্যাহার করার আহ্বান জানান। একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মানুষের বিবেকে কুঠারাঘাত করেছে। তার রায়ে মহিলা সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি করায় দেশের নারী সমাজও আজ ক্ষুব্ধ হয়েছেন । তিনি আরও বলেন প্রধান বিচারপতির সংসদ নিয়ে পর্যবেক্ষণ বিএনপি-জামায়াতকে উস্কে দিচ্ছে।
যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার ও যুব মহিলালীগের সহসভাপতি জাকিয়া হোসেন মল্লিক প্রমুখ।