
নিউজ ডেস্কঃ ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছিল তা ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে সাবেক আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন,ষোড়শ সংশোধনী বাতিলের হওয়ায় বিএনপি আন্দোলন ও ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব' দেখেছিলো। কিন্তু সময়ের প্রয়োজনে তাদের সেই খোয়াব ভণ্ডুল হয়ে গেছে।
উল্লেখ্য গত ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে এই দিনে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান। এদিন, সাবেক এই আওয়ামী নেত্রীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান,আহমদ হোসেন,এনামুল হক শামীম,আবদুস সোবহান গোলাপ প্রমুখ।