
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩ অক্টোবর দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত এ সময় দিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়,২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা (আসামি) রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে,আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন।