News71.com
 Bangladesh
 22 Aug 17, 05:46 AM
 176           
 0
 22 Aug 17, 05:46 AM

সাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক ৭ আসামির আত্মসমর্পণ।।  

সাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক ৭ আসামির আত্মসমর্পণ।।   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জসিটভুক্ত পলাতক ৭ আসামি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের হাজী মোকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০),খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫),আন্দার কোঠাপাড়ার আব্দুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫), চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫),দরগাহপাড়ার মৃত আজাদ প্রমানিকের ছেলে শাহান আলী (৪৫),পুকুরপাড়ের হাজী ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন আহম্মেদ (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল (৩৬)।

এ ব্যাপারে শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড কিপার (জিআরও) মো. আতাউর রহমান বলেন,আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শিমুল হত্যা মামলার ৭ আসামি শাহজাদপুর উপজেলা আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হাসিবুল হক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। প্রসঙ্গত,গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে শাহজাদপুর পৌরসভার মেয়র মিরুর ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে তার হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করেন। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এরপর শিমুল হত্যায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করলেও এজাহারভুক্ত ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ থেকে সনাক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জসিট দেওয়া হয়। অপরদিকে ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের অভিযোগে তার চাচা এরশাদ আলী বাদী হয়ে প্রায় একই আসামিদের বিরদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। সেটিতেও মেয়র মিরুসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জসিট দেয় পুলিশ। এ ছাড়াও ঘটনার কয়েকদিন পরে মেয়রের বাড়িতে হামলার অভিযোগে মেয়রের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করলেও তদন্ত শেষে ওই মামলায় আদালতে চুড়ান্ত (ফাইনাল) প্রতিবেদন দিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন