News71.com
 Bangladesh
 21 Aug 17, 01:28 AM
 163           
 0
 21 Aug 17, 01:28 AM

কোচিং বানিজ্যের দায়ে দুদকের তালিকায় ১০২ শিক্ষক

কোচিং বানিজ্যের দায়ে দুদকের তালিকায় ১০২ শিক্ষক

নিউজ ডেস্কঃ কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত ১০২ জন শিক্ষকের তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ টিম গত চার মাসের বেশি সময় অনুসন্ধান চালিয়ে ঢাকা মহানগরীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ওই ১০২ শিক্ষকের বিরুদ্ধে অবৈধ কোচিংয়ের তথ্য-প্রমাণ পেয়েছে। দুদক সূত্র জানায়, প্রথম পর্যায়ে ঢাকা মহানগরীর আট শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। ওই আট শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিংয়ে জড়িত নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আরও শিক্ষকের তালিকা তৈরির কাজ অব্যাহত রয়েছে। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার সাংবাদিকদের বলেন, কমিশনে পেশ করা প্রথম পর্যায়ের অনুসন্ধান প্রতিবেদনে অবৈধভাবে কোচিংয়ের সঙ্গে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় অবৈধ কোচিংয়ে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয় তদারক করার কথা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীল ব্যক্তি ও মন্ত্রণালয়ের ওই সব কর্মকর্তাকে শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর কমিশনে দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন পেশ করা হবে।

 

নাসিম আনোয়ার আরও বলেন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা যায় কি-না, এ ব্যাপারে কমিশনের আইন শাখার মতামত নেওয়া হবে। এদিকে দুদকের একাধিক পদস্থ দায়িত্বশীল কর্মকর্তা সমকালকে বলেন, কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুরোপুরি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ও অপরাধজনিত বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪০৯ ধারা অনুযায়ী মামলা করা যায়।শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার ৩ অনুচ্ছেদে বলা হয়, কোনো শিক্ষক তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের পূর্বানুমতি সাপেক্ষে প্রতিদিন অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়াতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের কাছে লিখিতভাবে শিক্ষার্থীদের স্কুল-কলেজ, শ্রেণি, রোল নম্বরসহ নামের তালিকা পেশ করতে হবে। নীতিমালার এই বিধান লঙ্ঘন করে ওই ১০২ শিক্ষক নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করিয়েছেন, যার তথ্য-প্রমাণ দুদকের কাছে রয়েছে।দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও কোচিং বাণিজ্য বন্ধে বিশেষ টিমের প্রধান মোহাম্মদ ইব্রাহীম বলেছেন অন্য কথা। তিনি সমকালকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী অবৈধ কোচিংয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দুদক আইন অনুযায়ী ওই সব শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করাও যাচ্ছে না। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে এবং ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির কাছে সুপারিশ পাঠাতে কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে।

 

টিমের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধান রেখে ২০১২ সালের ২০ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা প্রণয়ন করা হলেও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো আইন পাস করা হয়নি। সুনির্দিষ্ট আইনের আলোকে শাস্তির বিধান না থাকায় অবৈধভাবে গড়ে ওঠা কোচিং বাণিজ্য বন্ধ করা দুরূহ হবে।জানা গেছে, দুদক টিমের অনুসন্ধানকালে মহানগরীর শাহজাহানপুর, মতিঝিল, এজিবি কলোনি, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকার কোচিং সেন্টারগুলোয় ঝটিকা অভিযান চালিয়ে কোচিং পরিচালনারত অবস্থায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে কোচিং করানোর কথা স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন