
নিউজ ডেস্কঃ কৃষি ব্যাংকের ঋণ আত্মসাতের মামলায় কেয়া গ্রুপের মালিক আবদুল খালেক পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান। এই মামলায় আবদুল খালেকের মেয়ে ও কেয়া ইয়ার্নের চেয়ারম্যান খালেদা পারভীন,দুই পরিচালক এবং উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। আজ রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করার পর পরই অভিযানে নামে দুদক।
জানা যায়,কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের নামে কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি টাকা ঋণ নিয়েছিলেন খালেক। তিনি কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেয়া কসমেটিকসের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়,বিভিন্ন ব্যাংকের কাছে শুধু তাদেরই ঋণের পরিমাণ সাড়ে ১৩ শো কোটি টাকার বেশি।