
নিউজ ডেস্কঃ সদ্যসমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে ইতিমধ্যেই ৩৬ হাজার ১৭৩ কোটি টাকার মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে রেকর্ড গড়েছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ সময়ে এনবিআরের বিশেষ এই ইউনিটটি একই সময়ে সাড়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা এর ইতিহাসে সর্বোচ্চ।
এলটিইউর বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও সবার সহযোগিতায় এ ভ্যাট আহরণ সম্ভব হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এলটিইউর কমিশনার মো. মতিউর রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এলটিইউর সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, এককভাবে অর্ধেকের বেশি আদায় করে এলটিইউ। ২০১৫-১৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৩০ হাজার ৪১৭ কোটি টাকার ভ্যাট আদায় করে। তার প্রেক্ষিতে পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০১৬-১৭ সালে এ খাতে এলটিইউকে ৩৫ হাজার ৩৭৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ৭৯৯ কোটি টাকা বেশি ভ্যাট আদায় করতে সক্ষম হয় এলটিইউ। এই হিসাবে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় গত অর্থবছরে প্রতিষ্ঠানটি বেশি আদায় করে ৫ হাজার ৭৫৬ কোটি টাকা যাতে প্রবৃদ্ধি দাঁড়ায় ২১.৫৯ শতাংশ। এই অর্জনে অত্যন্ত আনন্দিত এলটিইউর কর্মকর্তারা। এই লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি দোয়া মাহফিলের আয়োজন করে। সেই সঙ্গে লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যম কর্মীদের বিশেষ অবদান বিবেচনা করে ৭ জন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়।
তবে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন এনবিআরের জন্য বড় চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় চলতি অর্থবছরে এলটিইউর ৩৫ শতাংশ বেশি ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে প্রতিষ্ঠানটির ভ্যাট খাতে আদায় করতে হবে ৫০ হাজার কোটি টাকা।
জানা গেছে, এ ইউনিটটি ১০টি খাত থেকে ভ্যাট আদায় করে। এর মধ্যে সিগারেট, মোবাইল ফোন কোম্পানি, ওষুধ, কোমল পানীয়, সিমেন্ট, প্রাকৃতিক গ্যাস, ব্যাংক, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সাবান কোম্পানি ও সিরামিক রয়েছে। মোট আদায়কৃত ভ্যাটের ৪৮ শতাংশই আসে দুটি সিগারেট কোম্পানির কাছ থেকে। গ্যাস খাতের ১২টি কোম্পানি ও আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) গ্যাস বিতরণকালে আদায়কৃত ভ্যাটসহ এ খাত থেকে আসে প্রায় ১৮ শতাংশ। এছাড়া ৫টি মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে ১২ শতাংশ, ব্যাংক খাত থেকে ৫ শতাংশ, ওষুধ খাত থেকে ৫ শতাংশ এবং অন্যান্য খাতের আরও ১০৯টি ইউনিট থেকে আসে এলটিইউ-ভ্যাটের ১২ শতাংশ ভ্যাট।