
নিউজ ডেস্কঃ পানির প্রবল চাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি স্থান ভেঙে গেছে। বাঁধের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় জনগণ কাজ করছে। আজ শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া পয়েন্টের দুটি স্থানে ১০০ মিটার করে ও হাওয়াখানা নামক স্থানে ১৫০ মিটার বাঁধ ভেঙেছে।
গত বুধবার রাত ৮টার দিকে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রঘুনাথপুর পয়েন্টে ১০০ মিটারে ধস দেখা দেয়। এদিকে করতোয়া নদীর এ ভাঙনের ফলে তিন ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হতে পারে। দ্রুত বাঁধের ভাঙন ঠেকানো না গেলে হয়তো গোবিন্দগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকাসহ অন্যান্য এলাকা প্লাবিত হবে। এ ব্যাপারে গাইবন্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান জানান,বাঁধের ধস ও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এছাড়া সেনাবাহিনীর বিশেষ টিমও কাজ করে যাচ্ছে।