
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোন দুর্নীতি করা যাবে না। দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি। দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের আঞ্চলিক পরিচালক,উপপরিচালক,জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাঝে ল্যাপটপ, মোটরসাইকেল ও ’বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এদিন কর্মকর্তাদের মধ্যে এক হাজার ৩৪টি ল্যাপটপ এবং ৬৪০টি মোটরসাইকেল হস্তান্তর করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও প্রকিউরমেন্ট উইংয়ের তত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন,দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের মাঝে এ উপকরণগুলো বিতরণ করা হয়েছে। এগুলো কাজে লাগাতে হবে জানিয়ে তিনি শিক্ষা তথা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন,দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র বিতরণ করা হচ্ছে। নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানতে এ বই সাহায্য করবে।