
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ শেষে বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের অনেকেই বলেছেন, তারা আগামী একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত করা হয়, সেই বিষয়টির প্রতিই জোর দিয়েছেন।বুধবার সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবারও এ সংলাপ হবে।
সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা। এ ছাড়া চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। আজ ৩৪ জন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতা সংলাপে অংশ নেয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। তার মধ্যে ২২ জন অংশ নিয়েছেন বলে জানা গেছে।ইসি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত গণমাধ্যমের অন্তত ২০ জন প্রতিনিধি সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন। বৃহস্পতিবার ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন ও রেডিও প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয়দিনের সংলাপে বসবে ইসি।ইসি সূত্র জানায়, আগামী ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে। এর আগে ৩১ জুলাই সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি