
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ঘুষ গ্রহণের মামলায় বিচারিক আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে হাজির হয়ে শ্যামল কান্তি ভক্ত জামিনের আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক। গত বছর বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাসে ঘুষ গ্রহণের অভিযোগে মামলায় দায়ের হয়েছিল।
শ্যামল কান্তি ভক্তের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বলেন,এর আগে ১৩ জুলাই মামলাটি বিচারিক আদালতে প্রেরণ করা হয়। আজ বুধবার মামলার নির্ধারিত তারিখে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে আদালত আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন।