
নিউজ ডেস্কঃ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ২২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বন্যার পানিতে মারা গেছেন কমপক্ষে ৪০ জন। এমনটাই জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে খোলা হয়েছে সার্বক্ষনিক নিয়ন্ত্রণ কক্ষ । নিয়ন্ত্রন কক্ষের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে এপর্যন্ত ১৭টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ লাখ ২৮ হাজার ৩১০ জন। বন্যার পানিতে মারা গেছেন কমপক্ষে ৪০জন। এ ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মকর্তাদের সূত্রে জানা গেছে,বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দিনাজপুর জেলায়। এ জেলার ১৩টি উপজেলার সবগুলোয় বন্যাকবলিত। এখানে ক্ষতিগ্রস্তের সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৫৫ জন।
এও জানা গেছে,গতকাল মঙ্গলবার নওগাঁর রানীনগর উপজেলার ঘোষগ্রামের বেড়িবাঁধ পানির তোড়ে ভেঙে যায়। এর ফলে প্লাবিত হয় নতুন এলাকা। এ ছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৬০টি উপজেলার মধ্যে ৯০টি উপজেলা এখন বন্যায় প্লাবিত।
এদিকে আগামী দুই দিন সীমান্তসংলগ্ন ভারতের উত্তর-পূর্বের কয়েকটি প্রদেশ এবং বাংলাদেশে ভারি বৃষ্টির আভাস থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে। উত্তর-উত্তর পূর্বাঞ্চলে নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বলছে,ভারতের আসাম,মেঘালয়,অরুণাচল ও বিহারে আগামী দুই দিন ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। এ সময় দেশের ভেতরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ অবস্থায় বিরাজমান বন্যার আরও অবনতি হবে।