
নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন ৪ হাজার ৭৮৮ জন রোগী । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ এই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে এই বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেন। মেডিসিন অনুষদের ২১টি বিভাগ, সার্জারি অনুষদের ১৪টি বিভাগ ও ডেন্টাল অনুষদের ৪টি বিভাগসহ ৩৯টি বিভাগে ৪৬ জন অধ্যাপক, ৫৫ জন সহকারী অধ্যাপক, ২০ জন সহকারী অধ্যাপক, ৩ জন কনসালটেন্ট, ১৩ জন মেডিক্যাল অফিসার, ৫৪ জন আবাসিক চিকিৎসক, ৭৪ জন নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট এবং কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক জনবল ১১৭টি কক্ষে এই মহতী কার্যক্রমে সরাসরি অংশ নেন। এরমধ্যে মেডিসিন অনুষদে দুই হাজার ৬৬০ জন, সার্জারি অনুষদে এক হাজার ৯৩৮ এবং ডেন্টাল অনুষদে ১৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।