
নিউজ ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ মঙ্গলবার ১৫ আগস্ট সুপ্রিম কোর্ট মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া কি না জানতে চাইলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের বলেন, রায় নিয়ে প্রকাশ্যে বা গণমাধ্যমে কিছু বলব না। তবে যা বলার কোর্টে বলব।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে গিয়ে আমি দেখেছি এর সঙ্গে অনেক রাঘব বোয়ালরা জড়িত। এ মামলার তদন্ত দুর্বলতার কারণে সেই রাঘব বোয়ালদের আমরা কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র। আজ মঙ্গলবার আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে যে রক্ত ঝরানো হয়েছে, তার প্রতিদানে রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা গরিব-অসহায়দের জন্য রক্তের ব্যবস্থা করছি। উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত বছর থেকেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়ে আসছে।