
নিউজ ডেস্ক : জাতীর জনকের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের নাকের ডগায় কলাবাগানের ‘ওলিও ইন্টারন্যাশনাল’ হোটেলের চারতলায় জঙ্গি আস্তানায় নিহত জঙ্গির আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিলো বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা এগারোটার দিকে জঙ্গি আস্তানায় পুলিশের জঙ্গিদমনে গঠিত বিশেষায়িত কইউনিট 'সিটি' পরিচালিত অভিযান ‘অগাস্ট বাইট’ শেষ হওয়ার পর ঘটনাস্থলে এক তাৎক্ষণিক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।
পুলিশ জানিয়েছন নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। সে খুলনার বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত । তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস নোয়াকাটি গ্রামে। তার বাবাও ক্ট্টর জামায়াত ইসলামীর নেতা একটি মসজিদের ইমাম । আত্মাহুতি দেওয়া সাইফুলের কাছ থেকে আত্মঘাতী বোমার ভেস্ট উদ্ধার করা হয়েছে। রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা পরিচালনার উদ্দেশ্যেই সে এই হোটেলে ওঠে বলে জানান তিনি।
সিটি প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা পৌনে দশটার দিকে হোটেলের জঙ্গি আস্তানায় অপারেশন ‘অগাস্ট বাইট’ শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট টিম। এ সময় সেখান থেকে বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজের পাশাপাশি ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। বিস্ফোরণে হোটেল ভবনের সামনের একটি অংশ ধসে রাস্তায় পড়ে। এ সময় আহত হন সাদা পোশাকের এক পুলিশ সদস্য।
বেলা সাড়ে দশটার দিকে অভিযান শেষে হোটেল ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে সেখানে বিস্ফোরকের খোঁজে প্রবেশ করে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। আজ মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে অবস্থিত ‘ওলিও ইন্টারন্যাশনাল’ নামের ওই হোটেল ঘিরে রাখে পুলিশ সদস্যরা । সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওলিও হোটেল কক্ষে থাকা কয়েকটি পরিত্যক্ত শক্তিশালী বোমাকে নিস্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। এছাডাও নিহত আত্মঘাতি জঙ্গি সাইফুলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।