News71.com
 Bangladesh
 15 Aug 17, 12:04 PM
 162           
 0
 15 Aug 17, 12:04 PM

এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ২০ জন, ঢাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  

এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ২০ জন, ঢাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী   

নিউজ ডেস্কঃ সারাদেশে বন্যায় এ পর্যন্ত ২০ জন মারা গেছেন। এছাড়া ঢাকাসহ আরও ৯টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। গতকাল সোমবার রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।ত্রাণমন্ত্রী । এসময় তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত দেশের ২০ জেলার ৫৬ উপজেলা বন্যা কবলিত। বন্যায় সারাদেশে মারা গেছেন ২০ জন, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। এছাড়াও উত্তরাঞ্চলের বন্যার পানি মধ্যাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সাগরে নেমে যাবে। ফলে ঢাকার নিম্নাঞ্চলসহ আরও ৯টি জেলায় বন্যার আশঙ্কা আছে। তবে ১৯৮৮ সালের চেয়ে বড় বন্যা হলেও মোকাবিলার প্রস্তুতি আছে সরকারের।’

তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছরে বন্যাপ্রবণ জেলাসমূহে দশ হাজার ৬৩০ মেট্রিক টন চাল, তিন কোটি ১০ লাখ টাকা এবং ৬০ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্লাবিত জেলাগুলোতে গত কয়েকদিনে এক হাজার ২শ’ মেট্রিকটন চাল ও ৬০ লাখ নগদ টাকা দেওয়া হয়েছে।’মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সব জেলার বন্যা পরিস্থিতি নজরে রাখছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। মন্ত্রণালয় সে নির্দেশনা অনুযায়ী কাজ করছে। সব জেলায় মন্ত্রণালয় থেকে একজন সিনিয়র পর্যায়ের কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে, যার কাজ হবে জেলা পর্যায়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, সমন্বয় ও ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করা।’

ত্রানমন্ত্রী মাওয়া আরও বলেন, ‘উজানের দেশ চীন, ভারত, নেপাল ও ভুটানেও এবছর স্মরণকালের মারাত্মক বন্যা হয়েছে। মন্ত্রণালয় উজানের দেশের বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর উজানের দেশগুলোতে বন্যা হলে ভাটির দেশ হিসেবে উজানের প্রভাব আমাদের ওপর পড়বে-এটাই স্বাভাবিক। তার আলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে বন্যা পরিস্থিতি মোকাবিলা করছি।’ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যা মোকাবিলায় সরকার ঘরে বসে নেই। জেলা প্রশাসকদের চাহিদা মতো প্রয়োজনীয় খাদ্যশস্য ও আর্থিক বরাদ্দ দেওয়া হচ্ছে। একটি লোকও যাতে খাবারের অভাবে কষ্ট না পায় জেলা প্রশাসনকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন