
নিউজ ডেস্ক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা বিন্যাসের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়তে শুরু করেছে। সংসদীয় ৩০০ আসনের বিপরীতে প্রতিদিনই কোনো না কোনো আসন থেকে দু’-একটি করে আবেদন আসছে। এমনকি একটি সংসদীয় আসন থেকে একাধিক আবেদন জমা পড়তে দেখা গেছে। গতকাল পর্যন্ত প্রায় শতাধিক আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদনে অতীতে সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা। সীমানা বিন্যাসের চূড়ান্ত সময় ঘনিয়ে এলে এই আবেদনের সংখ্যা আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ইসি সূত্রে জানা গেছে, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদের বাইরে থাকা বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে সীমানা পুনর্বিন্যাসের আবেদন করা হয়েছে। আওয়ামী লীগ-বিএনপির বাইরে নিবন্ধিত ৪০ রাজনৈতিক দলের মধ্যে অনেক দলের নেতারা আবেদন করেছেন।
যেসব আসনের বিষয়ে আবেদন পড়েছে সেগুলোর মধ্যে একটি বরিশাল-৩ (হিজলা-মুলাদি)। মো. শরীয়তউল্লাহ নামে একজন রাজনৈতিক নেতা এই আসনটি পুনর্গঠন চান। পিরোজপুর-৩ আসনটি পুনর্গঠন চেয়ে আবেদন করেছেন জাকির খান নামে এক ব্যক্তি। পিরোজপুর-১ সদর (নাজিরপুর-নেছারাবাদ) এবং পিরোজপুর-২ আসনটিকে এক করে ২০০৮ সালে পিরোজপুর-৩ আসনটি করা হয়। এখন পিরোজপুর-৩ এই আসনটি পুনর্গঠন করে পিরোজপুর-১ ও ২ দুটি স্বতন্ত্র আসন চান স্থানীয়রা। কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান গোলাম সরওয়ার কুমিল্লা-১০ সংসদীয় আসনটি পুরানো অর্থাৎ ২০০৮ সালের আগের সীমানায় ফিরিয়ে নিতে কমিশনের প্রতি আবেদন জানিয়েছেন। আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি এসএম রফিকুল ইসলাম সাতক্ষীরা-৩ আসনটি পূর্বের অবস্থায় দেখতে আবেদন জানায়।
বরিশাল-২, ফেনী-৩, কুমিল্লা-১ ও ২, বরিশাল-৪, বরিশাল-৩, ঢাকা-২, নেত্রকোনা বারহাট্টা, ঢাকা-১ এবং চাঁদপুর মতলব। তবে, বরিশাল, নেত্রকোনা ও কুমিল্লা থেকেই বেশি অভিযোগ জমা পড়েছে। বরিশালের হিজলা-মুলাদি আসন থেকে প্রায় একডজন অভিযোগ জমা পড়েছে। একই ধরণের অভিযোগ জমা পড়েছে কুমিল্লা-১ আসন থেকে। বেশির ভাগ আবেদনে ২০০৮ সালে ১/১১ ড. শামসুল হুদা কমিশনের ঘরে বসে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) করা সীমানা বিন্যাসের বিরোধিতা করেছে। তাদের আবেদনের করা সার-সংক্ষেপ হচ্ছে, ড. হুদা কমিশন অযৌক্তিকভাবে স্থানীয় সাধারণ জনগণ ও ভোটারের সুবিধা-অসুবিধা এবং আপত্তি আমলে না নিয়েই সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়াই তারা এই কাজটি সম্পন্ন করেন। আবেদনে আগের সীমানায় ফিরে যেতে কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন আবেদনকারীরা।
উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে সীমানা বিন্যাসের জন্য চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে রাখা আছে। আর সীমানা পূন:বিন্যাসের কাজটি জিআইএস পদ্ধতি অনুসরণ এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে সম্পন্ন করার তাগিদ রয়েছে। অভিযোগগুলো নভেম্বর ও ডিসেম্বরে প্রথম সপ্তাহের মধ্যে অঞ্চলভিত্তিক শুনানি এবং ডিসেম্বরেই ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৮শে জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৮ সালের ৩০শে অক্টোবরের পর শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা। গত ১৫ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয়া কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন এ নির্বাচনের আয়োজন করবে।