
নিউজ ডেস্ক : আজ ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মষ্টমী। দ্বাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসুচী হাতে নেয়া হয়েছে। সঠিকভাবে দিনটি পালনের জন্য প্রতিবছরের মত বাংলাদেশ আজও সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিনটি উপলক্ষ্যে পৃথক পৃথক বানী দিয়েছেন ।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে দেয়া বানীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমাজে বিদ্যমান সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান। আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মদিবস ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে রাষ্ট্রপতি হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্র্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আমাদের ঐতিহ্য। সম্মিলিত প্রচেষ্টায় এ ঐতিহ্য অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ। তাই ধর্মকে ব্যবহার করে বা ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে।