News71.com
 Bangladesh
 13 Aug 17, 07:19 AM
 189           
 0
 13 Aug 17, 07:19 AM

সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে : শেখ হাসিনা

সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে : শেখ হাসিনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সতর্কতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, ‘বন্যার কারণে ইতোমধ্যেই বিস্তীর্ণ জমির ফসল নষ্ট হয়েছে। আগামীতে বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও যে কোন বিরূপ পরিস্থিতি মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে সরকার খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে।’

শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে জাতীয় পুষ্টি পরিষদের (এনসিসি) প্রথম সভায় সভাপতির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনগণের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, তাঁর সরকার দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন, পুষ্টি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। ‘পুষ্টির সাথে অনেক কিছু সম্পৃক্ত’-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টির বিষয়ে শহরাঞ্চলে সচেতনতা সৃষ্টি হলেও গ্রামাঞ্চলে জনগণের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে, যাতে মানুষ সুষম খাদ্য গ্রহণ করে। এ সময় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যাভ্যাসের উন্নত করতে হবে এবং সময় মতো খেতে হবে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৩ এপ্রিল ‘বাংলাদেশে জাতীয় পুষ্টি পরিষদ‘ গঠনের আদেশ স্বাক্ষর করেন। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৯৯৭ সালে প্রথম জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় এবং তাঁর সভাপতিত্বে ১৯৯৮ সালের ১১ অগাস্ট বাংলাদেশে জাতীয় পুষ্টি পরিষদের বৈঠকও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালের সরকার জাতীয় পুষ্টি নীতি অনুমোদন করে। এই নীতি প্রণয়নের সাথে সাথে তা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসাবে ২০১৬ সালের শুরুতেই দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন