News71.com
 Bangladesh
 12 Aug 17, 12:21 PM
 186           
 0
 12 Aug 17, 12:21 PM

ষোড়শ সংশোধনী বাতিলের পর সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই ।। বিএনপি নেতা খন্দকার মোশাররফ

ষোড়শ সংশোধনী বাতিলের পর সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই ।। বিএনপি নেতা খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক : দেশের উচ্চ আদালতের রায়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হবার পর এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের দু:শাসন-দুর্নীতিতে জনজীবন দুর্বিষহ। তিনি বলেন দেশের মানুষ তাদের আর একটি দিনের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। উচ্চ আদালতে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে বর্তমান সংসদকে অকার্যকর মন্তব্য করা হয়েছে। ফলে অকার্যকর সংসদ নিয়ে সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই। একটি অকার্যকর সংসদ দিয়ে দেশ চলতে পারে না। গণতন্ত্রের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। ড. মোশাররফ গতকাল শুক্রবার কুমিল্লার দাউদকান্দি সদরে দাউদকান্দি উপজেলা ও পৌর ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, উচ্চ আদালত ষোড়শ সংশোধনী বাতিল রায়ের পর্যবেক্ষণে দেশ ও জনগণের মনের পুঞ্জীভূত কথাগুলোর বহি:প্রকাশ ঘটেছে। অথচ সরকারের মন্ত্রীরা আদালতের এই রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে বিচার বিভাগকে হুমকি-ধমকি দিচ্ছে। এক মন্ত্রী প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। মন্ত্রীদের এইসব বক্তব্যে দেশের মানুষের মনে এখন অজানা আতঙ্ক ঘুরপাক খাচ্ছে। মানুষ বিস্ময়ে হতবাক। প্রধান বিচারপতির বিরুদ্ধে মন্ত্রীর আন্দোলনের হুমকি অনভিপ্রেত, অপ্রত্যাশিত এবং গণতন্ত্রের জন্য মহাবিপদের অশনিসংকেত।

দাউদকান্দি উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল লতিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা একেএম শামসুল হক, জসিম উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন মিয়াজী, নূর মোহাম্মদ সেলিম, নূরুল আমিন নাঈম সরকার, ওলামা দল নেতা মো: জিয়া উদ্দিন, ছাত্রদল নেতা রোমান খন্দকার ও আল আমিন সরকার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন