News71.com
 Bangladesh
 12 Aug 17, 12:16 PM
 203           
 0
 12 Aug 17, 12:16 PM

নারায়ণগঞ্জের সাত খুন মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায় কাল

নারায়ণগঞ্জের সাত খুন মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায় কাল

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর কাল রবিবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের কার্যতালিকার এক নম্বর ক্রমিকে মামলাটি রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। রায় ঘোষণার পর জানা যাবে নৃশংস এই হত্যাকাণ্ডের দায়ে ২৬ আসামিকে নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায় বহাল রইল কিনা?

গত ২৬ জুলাই শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করে দেয় হাইকোর্ট। এর আগে রাষ্ট্র ও আসামি পক্ষ ৩৩ কার্য দিবসব্যাপী শুনানি করেন। শুনানিতে র‌্যাবের তারেক সাঈদ, কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ আসামির মৃত্যুদণ্ডের রায় বহালের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি বলেছিলেন, সাত খুনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত। এদের দায়িত্ব ছিলো নাগরিকের জীবন রক্ষার। কিন্তু সেটি না করে সাতজন নিরীহ নাগরিককে নির্মমভাবে প্রথমে ইনজেকশন পুশের মাধ্যমে অচেতন করে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। এই পূর্ব পরিকল্পিত খুন ক্ষমার অযোগ্য। তিনি বলেন, যে বাহিনীর সদস্যই হোক না কেন কেউ যে আইনের ঊর্ধ্বে নয় এটাই দৃষ্টান্ত হওয়া দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন