
নিউজ ডেস্ক : গত তিনদিনের ভারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার বিকেল থেকে তিস্তা নদীর পানি আবারো বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের ১৩টি ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের লোকজন। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী (পানি পরিমাপক) প্রকৌশলী আমিনুর রশীদ নিউজ৭১ ডটকমকে জানান, লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজের উজানে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, ডাউয়াবাড়ী, সিঙ্গীমারী, পাটিকাপাড়া, সিন্দুর্না, কালীগঞ্জের কাকিনা, তুষভান্ডার, আদিতমারীর মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, গোকুন্ডা, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়ন তিস্তা নদী বিধৌত হওয়ায় কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব এলাকার প্রায় ২ হাজার পরিবারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।