
নিউজ ডেস্ক : মিয়ানমার, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে রদবদল হতে যাচ্ছে। এর মধ্যে দুই রাষ্ট্রদূতকে বদলি, এক রাষ্ট্রদূতকে আঞ্চলিক জোটের প্রধান এবং দুই কূটনীতিককে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, এরই মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। যে কোনো সময়ে এ বিষয়ে আদেশ জারি হবে। জানা গেছে, ইতালির মিলানে দায়িত্বরত কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারে নতুন রাষ্ট্রদূত করা হচ্ছে। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসানকে মরিশাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
এছাড়া মিয়ানমারে দায়িত্বরত রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিয়ুর রহমানকে অস্ট্রেলিয়ায় বদলি করা হতে পারে। অস্ট্রেলিয়ায় বর্তমান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে ফ্রান্সে বদলি করা হতে পারে। এদিকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম আঞ্চলিক সংস্থা বিমসটেকের মহাসচিব পদে নিয়োগ পেতে যাচ্ছেন। বিমসটেকের বর্তমান ও প্রথম মহাসচিব সুমিত নাকান্দালার মেয়াদ বৃহস্পতিবারই শেষ হচ্ছে।