
নিউজ ডেস্কঃ শেষ হল ৩৮তম বিসিএসের আবেদনের নির্ধারিত সময়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ইতিহাসে বিসিএস ক্যাডার পদে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ৩৮তম বিসিএস পরীক্ষায় এবার তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী চাকরির জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে পিএসসি। আজ বৃহস্পতিবার অনলাইনে আবেদন গ্রহণের শেষ দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন,অক্টোবরের শেষ দিকে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির চেয়ারম্যান বলেন,এই বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন।
সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে। ৩৭তম বিসিএসে এক হাজার ২২৬ পদের বিপরীতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। ৩৬তম বিসিএসের ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আবেদন করেছিলেন দুই লাখ ১১ হাজার ৩২৬ জন প্রার্থী। এক হাজার ৮০৩টি পদের জন্য ৩৫তম বিসিএসে এরআগে সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদন করেছিলেন।