
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাদাদ সায়েমের নামে হলের বৈদ্যুতিক লাইন অবৈধ ভাবে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গোপনসূত্রে জানা গেছে, আবু সাদাদ সায়েম আল বেরুনী হলের গার্ড রুম থেকে বৈদ্যুতিক লাইন ব্যবহার করে , অটোভ্যানের ব্যাটারি চার্জ করার সুযোগ করে দিয়েছে। এ কাজে সায়েমের সহযোগি হিসেবে একই হলের আবাসিক ছাত্র জামশেদ আলম এবং জাহিদ আহসানের নাম উঠে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে আবু সাদাত সায়েম বলেন, আমি তো রাজনীতি করি। আমাদের চলতে হয়, ছোট ভাইদের চালাতে হয়। চাঁদাবাজি তো আর করছি না।
এ বিষয়ে হল প্রধ্যাক্ষ অধ্যাপক আমজাদ হোসেন বলেন,‘আমি বিষয়টা জানিনা। তবে এভাবে কারো চার্জ দেওয়ার অধিকার নাই। কারণ এটা সম্পূর্ণ বাইরের বিষয়। বিশ্ববিদ্যালয়ের সাথে কোন ধরনের সংযুক্তি নেই। আমি বিষয়টা সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, আবু সাদাদ সায়েম অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক লাইন ব্যবহার করে গভীর রাতে হলের গার্ড রুমের পিছনে অটোভ্যান চার্জের ব্যবস্থা করে দিয়েছে। আল বেরুনী হল কর্তৃপক্ষ সায়েমকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে নিষেধ করলেও তা সে মানে নি।
উল্লেখ্য আবু সাদাত সায়েম এবং তার সহযোগি জামশেদ আলম ও জাহিদ হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই দর্শনার্থী শিক্ষার্থীকে লাঞ্ছনা করাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। শিক্ষক লাঞ্চনার অভিযোগে আবু সাদাদ সায়েমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বছরের জন্য বহিষ্কারও করেছিল।বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে আবু সাদাত সায়েমের বিরুদ্ধে। এছাড়া জামশেদ ও জাহিদ হাসানের বিরুদ্ধে এক শিক্ষার্থী ছাত্রলীগ না করায় তাকে চুরির অপবাদ দিয়ে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।