
নিউজ ডেস্কঃ শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান,শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা ২৪ থেকে ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। দুইভাগে এ আয়োজনের শেষাংশ ২৯ থেকে ৩১ ডিসেম্বর ভারতের কোলকাতায় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
তিনি বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেখ কামাল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি শিশুচিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী চিত্র থেকেই এ আন্তর্জাতিক প্রতিযোগিতার লোগো নির্বাচিত হবে। আগামী ১৮ আগস্ট এই শিশুচিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হাসানুল হক ইনু বলেন,রাজধানীর বঙ্গবন্ধু ক্রীড়া চত্বরের মোহাম্মদ আলী কিক-বক্সিং স্টেডিয়াম,শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স ও জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
বিদেশ থেকে অংশগ্রহণকারীদের দলপ্রধান ও কোচের যাতায়াত ভাড়া কনফেডারেশন থেকে দেয়া হবে এবং কোলকাতায় বাংলাদেশী খেলোয়াড়, সংগঠক, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের (পত্রিকা ও টিভি) যাতায়াত ভাড়া ও থাকা খাওয়ার যাবতীয় খরচ কনফেডারেশন বহন করবে বলে জানান মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান মনি।