
নিউজ ডেস্কঃ শেখ হাসিনা শেখ হাসিনাই। শেখ হাসিনা নওয়াজ শরিফ নন। আর বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশের মানুষও পাকিস্তানে বসবাস করে না। যদি কেউ মনে করে,পাকিস্তানের আদালত দিয়ে সে দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা বাংলাদেশেও হবে,তাহলে তারা বোকার রাজ্যে বসবাস করছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেছেন। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় থানা আওয়ামী লীগের প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। নইলে রূপগঞ্জে এত অস্ত্র পাওয়া যেত না। এই অস্ত্র সরকারকে সাহায্য করার জন্য আনা হয়নি। সব ষড়যন্ত্রকারী এক হয়েছে। রূপগঞ্জের অস্ত্রগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছে প্রশ্ন করে তিনি বলেন,ষড়যন্ত্রকারীদের একটাই উদ্দেশ্য। ওরা শেখ হাসিনাকে ধ্বংস করতে চায়। দেশের সামনের দিকে এগিয়ে যাওয়া স্তব্ধ করতে চায়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক ইয়াছিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর মতিউর রহমান মতি,হাজি ওমর ফারুক,আরিফুল হক হাসান,আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী প্রমুখ।