News71.com
 Bangladesh
 10 Aug 17, 01:49 AM
 147           
 0
 10 Aug 17, 01:49 AM

ক্ষমতাসীন দলগুলো বাংলাদেশকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে।। বামপন্থি নেতৃবৃন্দ  

ক্ষমতাসীন দলগুলো বাংলাদেশকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে।। বামপন্থি নেতৃবৃন্দ   

নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন দলগুলো দেশকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে। প্রতিবছর ৭২ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক লক্ষ কোটি টাকার উপর খেলাপী ঋণ রয়েছে। মহাজোট সরকারের আমলে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেংকারি,বেসিক ব্যাংক কেলেংকারি,বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারি,ডেসটিনি-যুবক কেলেংকারি,বিভিন্ন সমবায় সমিতির নানা ঘটনায় সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। আর এসব দুর্নীতি-লুটপাটের প্রধান মদদদাতা হচ্ছে সরকার। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বামপন্থি নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। ঘুষ-দুর্নীতি, লুটপাট-দখলদারিত্ব, অর্থপাচার-ব্যাংক ডাকাতি রুখে দাঁড়ানোর দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্লাইওভার, মহাসড়ক,সেতু নির্মাণের মত মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির মচ্ছব চলছে। বিএনপি আমলে দেশবাসী ‘হাওয়া ভবন’ এর লুটপাট দেখেছে। আর এখন চলছে ‘খাওয়া বাহিনী’র লুটপাট। গত ৪৬ বছর ধরে যারা ক্ষমতায় আছে তারা তাদের দলীয় নেতা-কর্মী,সমর্থক-স্বজনদের রাষ্ট্রীয় সম্পদ লুটের ব্যবস্থা করে দিয়ে হাজার হাজার লুটেরা ধনিক সৃষ্টি করেছে। তারা আরো বলেন,১৯৯৬ ও ২০১০ সালে লুটেরাদের শেয়ার বাজার লুটের সুযোগ করে দিয়ে লক্ষ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করা হয়েছে। লুটের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। বড় লুটেরারা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে বাড়ি কিনছে। ছোট লুটেরারা মালয়েশিয়ায় দ্বিতীয় বাড়ি বানাচ্ছে। রাস্তার মাস্তান আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীরা এক হয়ে জনগণকে জিম্মি করে ফেলেছে।

বামপন্থি নেতৃবৃন্দ অভিযোগ করেন,দুদককে কাগুজে বাঘে পরিণত করা হয়েছে। স্বাধীনভাবে কর্মপরিচালনার পরিবর্তে ক্ষমতাসীনদের বিরোধী পক্ষকে দমনের কমিশনে পরিণত হয়েছে দুদক। তারা লুটেরা গোষ্ঠির কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করার জন্য গণআন্দোলনকে গণ-অভ্যুত্থানে পরিণত করার আহ্বান জানান। পরবর্তী কর্মসূচিঃ সমাবেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ,নারী-শিশু নির্যাতন,খুন-ধর্ষণ,সামাজিক বর্বরতা রুখে দাঁড়ানোর দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বানে আগামী ১৯ আগস্ট সারাদেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন