News71.com
 Bangladesh
 09 Aug 17, 07:09 AM
 141           
 0
 09 Aug 17, 07:09 AM

সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিলেন সেতুমন্ত্রী  

সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিলেন সেতুমন্ত্রী   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী অঞ্চল) আবু রওশন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পাবনা) হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর পরিদর্শনে আসেন। এ সময় নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ করে তিনি বলেন,সাড়ে ছয় কোটি টাকা কী করেছ? এই কথা বলে তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহার ও অন্য দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

। তবে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নির্বাহী প্রকৌশলী,অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী অঞ্চল) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পাবনা) কোনো ধরনের নোটিশ পাননি। এর আগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়ক পরিদর্শনকালে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন,সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত যেসব রাস্তা ভাঙা আছে, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে সেগুলো সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হবে।

ওবায়দুল কাদের বলেন,কিছুদিন ধরে টানা বর্ষণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সব ক্ষতিগ্রস্ত রাস্তা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে বগুড়া থেকে ঢাকা যেতে আগে যেখানে চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগত,এখন সেখানে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে মানুষের ভোগান্তি বেড়েছে। আমি এখান থেকে জানিয়ে দিচ্ছি,সড়ক ও জনপথের যত রাস্তা খারাপ অবস্থায় আছে,সব রাস্তা আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে সচল করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব। এ সময় ওবায়দুল কাদের বলেন, বর্ষা মৌসুমে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসন্ন ঈদ সামনে রেখে সেগুলো ঠিক করা হবে। যে কোনো ক্ষতির সমাধান আছে। যখন যে ওষুধ দরকার,তা প্রয়োগ করা হবে। এ সময় চন্দ্রা-এলেঙ্গা চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ইসহাক,প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান,টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম নূর-ই-আলম উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীকে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন। ওয়েজবোর্ডের চেয়ারম্যানও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। ওয়েজবোর্ড বাস্তবায়নের পথে মন্ত্রণালয় ৮০ ভাগ কাজ শেষ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন