News71.com
 Bangladesh
 09 Aug 17, 07:05 AM
 150           
 0
 09 Aug 17, 07:05 AM

সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ হিসেবে মনে করছে ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ হিসেবে মনে করছে ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে—এ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,অর্থমন্ত্রী যে কথা বলেছেন,স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন,এতে একটি বিষয় খুব পরিষ্কার,এই সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান নিয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন,আমরা খুব পরিষ্কার করে বলতে চাই,এই রায়ের যে অবজারভেশন,এটা বাংলাদেশের মানুষের প্রাণের কথা। সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন। সুতরাং দেশের ১৬ কোটি মানুষ এই রায়ের অবজারভেশনের সঙ্গে আছে এবং তারা একমত।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন,এই রায় দেওয়ার পর মন্ত্রিসভায় যে আলোচনা হয়েছে এবং সরকারের কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কিছু নেতা যে ভাষায় কথা বলছেন,আমি জানি না আপনারা (আইনজীবীরা) ভালো বলতে পারবেন—তা আদালত অবমাননার দায়ে পড়ে কি না? তিনি অভিযোগ করে বলেন,তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে প্রধান তিনটি স্তম্ভ,সেই স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। বিচার বিভাগের সঙ্গে পার্লামেন্টের বিরোধ তারাই তৈরি করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন,এই সরকারের যদি ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস থাকত,তাহলে পদত্যাগ করত। তাদের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে আইনজীবী নেতা সানাউল্লাহ মিয়া,মাসুদ আহমেদ তালুকদার,সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বক্তব্য দেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন