News71.com
 Bangladesh
 09 Aug 17, 12:11 PM
 204           
 0
 09 Aug 17, 12:11 PM

রংপুরের ৫১০০ চালকল কালো তালিকায় ।। কেড়ে নেওয়া হল আগামী ৪ বছর ব্যবসার সুযোগ.....  

রংপুরের ৫১০০ চালকল কালো তালিকায় ।। কেড়ে নেওয়া হল আগামী ৪ বছর ব্যবসার সুযোগ.....   

নিউজ ডেস্কঃ চলতি বোরো চাল সংগ্রহ মৌসুমে সরকারি খাদ্যগুদামে সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি না করার কারণে রংপুর বিভাগের ৮ জেলায় ৫ হাজার ১০০ চালকল মালিককে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। সেই সঙ্গে আসন্ন আমনসহ আগামী চার মৌসুমে সরকারের সঙ্গে কোনো চুক্তি করতে পারবেন না এসব কালো তালিকাভুক্ত চালকল মালিক। চালকল মালিকেরা বলছেন,বাজারদরের চেয়ে সরকারের নির্ধারণ করে দেওয়া চালের দর অনেক কম। তাই তাঁরা সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করেননি।রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে,বিভাগের ৮ জেলায় ৮ হাজার ১৪২ জন চালকল মালিকের মধ্যে চলতি বোরো মৌসুমে ৩ হাজার ৪২ জন চালকল মালিক বোরো চাল সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ হন। আর ৫ হাজার ১০০ চালকল মালিক সরকারের বোরো চাল সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ হননি। সংশ্লিষ্ট বিভাগ সূত্র আরও জানায়,৮ জেলায় চলতি বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ লাখ ৮ হাজার ৫০০ মেট্রিক টন। প্রতি কেজি মোটা চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয় ৩৪ টাকা। প্রথম দফায় গত ২ থেকে ২০ মে পর্যন্ত চাল সরবরাহের চুক্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়। চালকল মালিকেরা আশানুরূপ সাড়া না দেওয়ায় পরে চুক্তির সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে গত সোমবার পর্যন্ত রংপুর বিভাগে মাত্র ৭৯ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চললেও এত বিপুল পরিমাণ চাল অল্প কয়েক দিনে সংগ্রহ করা সম্ভব নয় বলে খাদ্য বিভাগ জানিয়েছে। কালো তালিকাভুক্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার চালকল মালিক আখতার হোসেন বলেন,প্রতিবছর চাল সরবরাহ ঠিকই করি। কিন্তু এ বছর চালের দাম সরকারি দরের চেয়ে অনেক বেশি হওয়ায় চাল সরবরাহ করা সম্ভব হয়নি। সরকারি ক্রয়মূল্য হলো প্রতি কেজি ৩৪ টাকা। আর বাজারমূল্য ৪০-৪২ টাকা। চাল না দেওয়ার কারণ জানতে চাইলে রংপুর সদর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম মুঠোফোনে বলেন,চলতি বোরো মৌসুমে ৫০ মেট্রিক টন চালের চুক্তি করলেও লোকসান দিয়ে চাল সরবরাহ করেছি লাইসেন্স টিকিয়ে রাখার জন্য। রংপুরে অবস্থিত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা শাহাদৎ হোসাইন বলেন,খাদ্য মন্ত্রণালয় এ বছরই নতুন বিধান করেছে। তা হলো,যেসব চালকল মালিক চুক্তি করেননি,তাঁরা আগামী চার মৌসুম সরকারিভাবে চাল সরবরাহ করতে পারবেন না। আর চুক্তি করেও যাঁরা কিছু চাল সরবরাহ করার চেষ্টা করেছেন,তাঁরা দুই মৌসুম সরকারি খাদ্যগুদামে চাল দিতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন