News71.com
 Bangladesh
 09 Aug 17, 12:31 PM
 207           
 0
 09 Aug 17, 12:31 PM

সাইবার ক্রাইমের অপরাধে সাভার থেকে পাঁচ নাইজেরিয়ান আটক।।  

সাইবার ক্রাইমের অপরাধে সাভার থেকে পাঁচ নাইজেরিয়ান আটক।।   

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার থেকে পাঁচজন নাইজেরিয় নাগরিক আটক হয়েছে। সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশ ব্যুরো অব ইন্‌ভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিংয়ে জনৈক ওয়াহিদ মিয়ার তিন তলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এ পাঁচ বিদেশি নাগরিককে আটক করে। পুলিশ জানায়,সুগন্ধা হাউজিং এর তিন তলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বছর খানেক ধরে বসবাস করে আসছিল পাঁচ নাইজেরিয়ান নাগরিক। পরে ওই বাড়িতে অবস্থান করে সাইবার ক্রাইমের মাধ্যমে ওই পাঁচ নাইজেরিয়ান নাগরিকদের মধ্যে কেউ কেউ সাধারণ মানুষকে সহজ পথে অর্থ উপার্জনের কথা বলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে পুলিশের কাছে অভিযোগ আসে।

আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফের নেতৃত্বে পুলিশ ব্যুরো অব ইন্‌ভেস্টিগেশন (পিবিআই)-এর একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে পাঁচজন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ১১টি মোবাইল,২০টি সিম কার্ড,৫টি পেনডাইভ,নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও ১০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ বলেন,দীর্ঘদিন ধরে ওই পাঁচ নাইজেরিয়ান নাগরিক সাইবার ক্রাইমের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। প্রতারণার শিকার এক ব্যক্তি তাদের কাছে অভিযোগ করায় ওই পাঁচ নাইজেরিয়ানকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। স্থানীয়রা জানায়,আলমনগর সুগন্ধা হাউজিং-এর বিভিন্ন ফ্ল্যাটে অপরাধমূলক কার্যকালাপ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক ওয়াহিদ মিয়া পলাতক রয়েছে। এ ঘটনার সাথে তিনিও জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করে এলাকাবাসী। এই পাঁচ বিদেশি নাগরিক আটকের ব্যাপারে সাভার থানা পুলিশ কিছু জানে না বা আটককৃতদের সাভার থানায় সোপর্দ করা হয়নি বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন