News71.com
 Bangladesh
 05 Aug 17, 09:24 AM
 194           
 0
 05 Aug 17, 09:24 AM

বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের আস্থা নেই ।। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ  

বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের আস্থা নেই ।। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ   

নিউজ ডেস্কঃ ষোড়শ সংশোধনী যতবার বাতিল করা হবে,ততবার সংসদে পাস করা হবে। যা অত্যন্ত ভয়ংকর কথা। কারণ এতে প্রমাণ হয়- সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের ওপর এই সরকারের আস্থা নেই। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন রাজনৈতিক ঐক্য'শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মওদুদ আহমদ বলেন, সরকার যদি মনে করে তারা বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবে, তাহলে সরকার হেরে যাবে। কেননা, অতীতেও যারা বিচার বিভাগের ওপর হাত দিয়েছে,তাদের হাত পুড়ে গেছে। কাজেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় শুধু ঐতিহাসিক নয় বরং দেশের ১৬ কোটির মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এই রায় এখন জাতীয় দলিল। ফলে যারা এই রায়ের অবমূল্যায়ন করতে চান কিংবা উদ্যোগ নেন তাহলে অনুশোচনা করবেন এবং এতে করে সরকারের পতন আরও দ্রুতগতিতে হবে।

সরকার আগামী নিবাচনে পরাজিত হওয়ার ভয়ে বিরোধী দলের ওপর ষড়যন্ত্র ও নির্যাতনের পথ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন। এটা আদালত অবগত রয়েছেন। অথচ এ নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। তাদের হুঁশিয়ারি দিতে চাই- ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করা যায়নি বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দেশে গণতন্ত্র ও রাজনীতি নেই দাবি করে তিনি বলেন,ক্ষমতাসীন দলের মহানায়করা যারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন,তারা যদি তাদের এলাকায় আমাদের ঘরোয়া পরিবেশে হলেও বৈঠক করার সুযোগ না দেন;তাহলে তাদের কাছ থেকে কী করে গণতন্ত্র আশা করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন