
নিউজ ডেস্কঃ কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন,জঙ্গিবাদ মোকাবেলায় শুধু গ্রেফতার,জেলহাজত বা হত্যাই সমাধান নয়। জঙ্গিবাদ প্রতিরোধে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মমুখী শিক্ষা, বিতর্ক চর্চাসহ সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আজ শনিবার রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জঙ্গিবাদ মোকাবেলায় করণীয়’ শীর্ষক এক ছায়াসংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মনিরুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় ঈদ,দুর্গাপূজা,জন্মাষ্টমীকে সামনে রেখে বড় ধরনের কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। জঙ্গিদের অপারেশন ক্যাপাসিটি ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন,বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের একক কোনো সংজ্ঞা নেই। এটি অনেকগুলো কারণের সমষ্টি। জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে উল্লেখ করে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন,সেই নিরিখে আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ধর্মের অপব্যাখ্যা যাতে কেউ না দিতে পারে সে বিষয়ে ইসলামী স্কলারদের আরও কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি।