
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের মামলা প্রত্যাহারের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের লাগাতার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জাবি প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা। উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত দেড়টা পর্যন্ত জাবি প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় দু'পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় রাত ২টার দিকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র নিউজ৭১ ডটকমকে বলেন,মামলা প্রত্যাহারে সব কিছু করা হবে বলে প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। এতে আমরা আশ্বস্ত হয়ে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন,আলোচনা সফল হয়েছে। সমস্যার যৌক্তিক ও সম্মানজনক সমাধান হবে। সমঝোতায় ভূমিকা রাখায় শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য,গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থীর মৃত্যুর পর বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধকালে পুলিশি হামলায় সাংবাদিকসহ অন্তত ১০-১২ জন আহত হয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনে ভাঙচুর চালালে ২৭ মে রাতে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলা প্রত্যাহার,তদন্ত কমিটি পুনর্গঠনসহ চার দফা দাবি আদায়ে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।