
নিউজ ডেস্কঃ মন্ত্রী,প্রতিমন্ত্রীসহ ভিআইপিদের গাড়ি উল্টো পথে না চালানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনা পত্র বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ভিআইপিদের গাড়ি উল্টো পথে চলার কারণে যানজট তীব্র হচ্ছে বলে নির্দেশনা পত্রে বলা হয়েছে। ঢাকায় যানজট নৈমিত্তিক সমস্যায় পরিণত হওয়ার বিষয়টিও তাতে উল্লেখ করা হয়েছে। ডিএমপির এই চিঠিতে বলা হয়েছে,মন্ত্রী প্রতিমন্ত্রীসহ ভিআইপিদের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগ থেকে এসকর্ট পার্টি নিযুক্ত করা হয়েছে। মাঝেমধ্যে দেখা যায়,মন্ত্রী,প্রতিমন্ত্রী ও ভিআইপিদের সামনে থাকা এসকর্ট পার্টির ইনচার্জ যানজট এড়াতে হঠাৎ করে উল্টো পথে চলে যায়। তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ভিআইপিদের গাড়িও উল্টো পথে যায়। এতে যানজট তীব্র আকার ধারণ করে। পাশাপাশি জনমনে সরকার ও প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মে। এ কারণে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ অন্যান্য ভিআইপির গাড়ির ডিউটিতে নিযুক্ত এসকর্ট পার্টির ইনচার্জদের উল্টো পথে চলাচল না করার নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
চিঠিতে যানজটের কারণ তুলে ধরে বলা হয়েছে,রাজধানীর মানুষের জীবনযাত্রার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। সেই সঙ্গে জনসংখ্যা ও যানবাহনও বাড়ছে। কিন্তু নগরীর আয়তন বা রাস্তা সে তুলনায় কম। অপ্রতুল এ সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল, একই সড়কে যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন,অপর্যাপ্ত পার্কিং,পর্যাপ্ত গণপরিবহনের অভাব, বিভিন্ন প্রতিষ্ঠানের রাস্তা খোঁড়াখুঁড়ি,প্রতিদিন অসংখ্য মানুষের জীবিকার সন্ধানে ঢাকায় আসা-যাওয়া,সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি এবং সর্বোপরি ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট একটি নৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। নির্দেশনা পত্রে পুলিশের পদক্ষেপ তুলে ধরে বলা হয়েছে,যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। উল্টো পথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিনিয়ত প্রসিকিউশন দাখিল,ভিডিও প্রসিকিউশন দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে উল্টো পথে চলাচলকারী যানবাহনের সংখ্যা কমছে বলে নির্দেশনা পত্রে দাবি করা হয়।
উল্লেখ্য গত ২০ জুলাই ঢাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংকের এক সম্মেলনে বলা হয়েছে যানজটের কারণে রাজধানী ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ কারণে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। একই সম্মেলনে বলা হয়েছে,ঢাকায় ঘণ্টায় গড়ে সাত কিলোমিটার গতিতে যানবাহন চলে। বিশ্বব্যাংক বলছে,এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর হেঁটেই গাড়ির আগে গন্তব্যে যেতে পারবে মানুষ। ২০২৫ সালে এই শহরে যানবাহনের গতি হবে ঘণ্টায় চার কিলোমিটার,যা মানুষের হাঁটার গতির (ঘণ্টায় পাঁচ কিলোমিটার) চেয়ে কম।
নগর পরিকল্পনাবিদরা বলছেন,তীব্র যানজটের কারণে গাড়ির আগে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা এই নগরের বাসিন্দাদের জন্য নতুন নয়। তাঁদের মতে,রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ ব্যক্তিগত ছোট গাড়ি (প্রাইভেট কার)। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চলতি বছরের মে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী রাজধানীতে বাস ও মিনিবাসের চেয়ে সাতগুণ বেশি ব্যক্তিগত গাড়ি চলাচল করে। বিশ্বের বিভিন্ন দেশে উল্টো পথে গাড়ি চালালে কারাদণ্ড ভোগ করতে হয়। কিন্তু ঢাকায় এর উল্টো চিত্র। পুলিশের সহায়তায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ভিআইপিরা গাড়ি নিয়ে উল্টো পথে চলাচল করেন। উল্টো পথে গাড়ি চলাচল বন্ধে পুলিশ বেশ আগ্রহ নিয়ে রাজধানীর হেয়ার রোডে কাঁটাওয়ালা ডিভাইস বসিয়েছিল। কিন্তু ভিআইপিদের নির্বিঘ্ন চলাচল বিঘ্নিত হওয়ায় কিছু দিনের মধ্যেই পুলিশ নিজেই ওই ডিভাইস সরিয়ে নেয়। ইতিপুর্বে ঢাকা মহানগর পুলিশের তত্ত্বাবধানে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে কাকরাইলের হেয়ার রোডে স্বয়ংক্রিয় ডিভাইস বসানো হয়েছিল। এর ধারালো কাঁটাগুলো বসানো ছিল ৪৫ মিলিমিটার পর পর। রাস্তার ওপর তিন ইঞ্চি উঁচু হয়ে কাটাগুলো দাঁড়িয়ে থাকত। সোজা দিক থেকে আসা গাড়ির চাকা ডিভাইসের ওপর পড়ার সঙ্গে সঙ্গে কাঁটাগুলো নেমে যেত। তবে উল্টো পথে আসা গাড়ির চাকায় কাঁটা বিঁধে যেত। ডিভাইসের সুচালো ডগা টায়ার ফুটো করে গাড়ির চাকা অচল করে দিত।