
নিউজ ডেস্কঃ ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো গণশুনানি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এই গণশুনানির আয়োজন করেছে। আজ বুধবার অধিদপ্তরের শেখ রাসেল স্মৃতি সম্মেলন কেন্দ্রে এই শুনানি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অধিদপ্তরের ই-ফাইল কার্যক্রমেরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন,প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। এজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের ফলে কোথাও ফাঁকি দেয়া যাবে না। কাজে স্বচ্ছতা থাকবে। দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন কাজকে আরো গতিশীল করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন,গত কয়েক বছরে আমরা ঘুষ-দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছি। শিক্ষামন্ত্রী বলেন,ঘুষ-দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে। যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং দুর্নীতির সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের সর্বনাশ হবে।
পরে শিক্ষামন্ত্রী ই-ফাইল ও গণশুনানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এসব প্রতিষ্ঠানে ডিআইএ কর্মকর্তাদের কাজের মান সম্পর্কে জানতে চান। প্রতিষ্ঠান প্রধানগণ,ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেন এবং তাদের মতামত জানান।