News71.com
 Bangladesh
 01 Aug 17, 01:03 AM
 195           
 0
 01 Aug 17, 01:03 AM

মালয়েশিয়ায় বাংলাদেশিদের হয়রানি না করার অনুরোধ  

মালয়েশিয়ায় বাংলাদেশিদের হয়রানি না করার অনুরোধ   

নিউজ ডেস্ক : বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরও কুয়ালালামপুর বিমানবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশিদের হয়রানি না করার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার । প্রয়োজনে ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়ায় আরও কঠোর হওয়ার জন্য মালয়েশিয়াকে পরামর্শও দেয়া হয়েছে। ভিসা থাকার পরেও ইমিগ্রেশনে বাংলাদেশিদের হয়রানির বিষয়ে ঢাকার মালয়েশিয়া হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের নিকট আনুষ্ঠানিকভাবে এ আর্জি জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকেও মালয়েশিয়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

মালয়েশিয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশিরা সম্প্রতি ব্যাপকভাবে হয়রানির শিকার হচ্ছেন। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরও অনেককে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি মালয়েশিয়া সরকারের নিকট আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ইদহাম জুহরি মোহামেদ ইউনুসকে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও বাংলাদেশিদের সেদেশে প্রবেশ করতে না দেয়া ও নানারকম হয়রানিমূলক আচরণ করার বিষয়টি মালয়েশিয়াকে জানানো হয়েছে।বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা প্রদানের ক্ষেত্রে যাচাই-বাছাই প্রক্রিয়ার বিষয়ে মালয়েশিয়াকে আরও কঠোর হতে পারে। তবে ভিসা প্রদানের পর বিমানবন্দরে গিয়ে হয়রানির শিকার হওয়াটা দুঃখজনক। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরে হয়রানি না করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদিও মালয়েশিয়া কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছে বাংলাদেশি যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, তারা সে বিষয়ে ব্যবস্থা নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন