
নিউজ ডেস্ক : চলতি বছরেই দ্বিতীয় মেয়াদে আবাসিক গ্যাসের (গৃহস্থালি) দাম বাড়ানোকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ রোববার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে আগস্ট থেকে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০টাকা দিতে হবে গ্রাহকদের। এর আগে দুই দফা গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা রুলের শুনানি শেষ হয়।
আদালতে বিইআরসি’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিতাস গ্যাসের পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান। রিট আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্ববায়ক স্থপতি মোবাশ্বের হোসেন। এ আবেদনের শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তীতে বিইআরসির পক্ষে আপিলে আবেদন করার পর হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। পাশাপাশি আপিল বিভাগ রুল শুনানি করতে নির্দেশ দেন।