
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্দ্যোগে আগরতলা-আখাওড়া অঞ্চলে ১৫ কিলোমিটার রেল লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। উল্লেখ্য এই প্রকল্পটি এখন থেকে প্রায় সাড়ে সাত বছর আগেই চূড়ান্ত করা হয়েছিল। এই রেল-লাইন স্থাপিত হলে উভয় দেশেরই পণ্য বহন অনেক সহজতর হবে। এ ব্যাপারে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্রের সাথে যোগাযোগ করলে তারা নিউজ৭১ ডটকমকে জানিয়েছেন, রেল সংযোগ স্থাপনের জন্য অধিকৃত জমি আগামী ৩১ আগস্ট নাগাদ হস্তান্তর করা হবে। তাদের ধারনা সবকিছু ঠিকঠাক চললে এই প্রকল্পের সকল কাজ সফলভাবে শেষ করতে সময় লাগবে কমপক্ষে ৩০ মাস।
জানাগেছে গত ২০১০ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাক্ষাতের সময় প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছিল। দু'দেশের সরকার প্রধানের মধ্যে চুক্তি সম্পাদনের পর নানান আনুষ্ঠানিকতা শেষ করে গত বছরের ৩১ জুলাই ভারতের রেলপথমন্ত্রী সুরেশ প্রভূ ও বাংলাদেশের রেলপথমন্ত্রী মজিবুল হক এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর তার পর থেকেই শুরু হয় এই প্রকল্পের দৃশ্যমান কাজকর্ম । যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে ।উল্লেখ্য নতুন এই রেল লাইন সংযোগে বিশেষত ভারতের উত্তরপূর্বাঞ্চলকে ব্যাপকভাবে সুবিধার আওতায় নিয়ে আসবে। একই সংগে কলকাতা থেকে আগরতলায় বাংলাদেশের ভেতর দিয়ে যেতে মাত্র তিনভাগের একভাগ সময় লাগবে।