
নিউজ ডেস্কঃ রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস চলতি বছরের নভেম্বর মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। ক্যাথলিক খ্রিস্টানদের মুখপত্র ক্রাক্স-এর ওয়েব ভার্সন ক্রাক্সনাউডটকম পোপের বাংলাদেশ ও মিয়ানমার সফরসূচির ব্যাপারে নিশ্চিত করেছে। ক্রাক্স তাদের শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা খুবই কম হলেও তাদের প্রতি পোপ ফ্রান্সিসের গভীর মনোযোগ রয়েছে। সে কারণে ভারত সফর বাতিল সত্ত্বেও পোপ দেশ দুটিতে সফরের সিদ্ধান্ত নিয়েছেন।
পোপ ফ্রান্সিসের মুক্ত পঞ্জিকায়, ২৯ নভেম্বর বুধবারের সাপ্তাহিক সাধারণ প্রার্থনা কর্মসূচি বাতিল করার কথা রয়েছে। তারা বলছে, এর সঙ্গে রোম-ঢাকা ১২ ঘণ্টার বিমানযাত্রা যোগ করলে সম্ভাব্য সফরের সময় অনুমান করা যায়। বাংলাদেশ থেকে কার্ডিনাল নির্বাচিত হওয়া প্যাট্রিক ডি রোজারিও ক্রাক্সকে বলেছেন, চলতি বছরের মে মাস থেকে পোপের বাংলাদেশ সফরের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় আগস্টের তৃতীয় সপ্তাহে সবকিছু চুড়ান্ত করতে ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন।
এর আগে বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরিও পোপের বাংলাদেশ সফরের বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। জন পল (টু) প্রথম পোপ হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন। ফ্রান্সিসের সফরের খবর সত্যি হলে তিনি হবেন গত ৩১ বছরের ব্যবধানে বাংলাদেশ সফরকারী দ্বিতীয় রোমান ক্যাথলিক পোপ।