
নিউজ ডেস্ক : নির্ধারিত সময়ে নবায়ন ফি না দেয়ায় বাংলাদেশের শেয়ারবাজারে আরও ৬৩ হাজার বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সব মিলিয়ে চলতি বছরে ২ লাখ ৬৩ হাজার বিও অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল হল। লেট ফি দিয়েও আর কখনই এসব হিসাব আর চালু করা যাবে না। বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের সুপারিশে এ সিদ্ধান্ত নেয় ইলেকট্রুনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সিডিবিএল (সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড)। উল্লেখ্য বিও একাউন্ট গুলো নবায়নের সর্বশেষ সময় ছিল শেষ সময় ছিল ৩০ জুন। তবে ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের ২৫ জুন পর্যন্ত সময় দেয়। এরপরই হাউসগুলো থেকে বিও অ্যাকাউন্ট বন্ধের তালিকা পাঠানো শুরু হয় ।
বর্তমানে সর্বশেষ হিসাবে দেশের শেয়ারবাজারে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬৩ হাজার। সিডিবিএল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অর্থনীতিবিদরা বলছেন বাজারের স্বচ্ছতায় এ ধরনের সিদ্ধান্ত ইতিবাচক। জানতে চাইলে তত্ত্ববধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন বিনিয়োগকারীদের অমনিবাস অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। এখন বাজারে স্বচ্ছতা আনতে হলে বিও অ্যাকাউন্ট স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কেউ বিদ্যমান আইন পরিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। সূত্র আরও জানায়, বর্তমানে বিও অ্যাকাউন্ট নবায়ন করতে ৫০০ টাকা লাগে। এর মধ্যে সিডিবিএল ১৫০ টাকা, হিসাব পরিচালনাকারী ব্রোকারেজ হাউস ১০০ টাকা, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) ৫০ টাকা এবং বিএসইসির মাধ্যমে সরকারি কোষাগারে ২০০ টাকা জমা হয়। আর এ খাত থেকে গত বছর সরকারকে ৬১ কোটি টাকা দিয়েছিল বিএসইসি। এর আগের বছর যা ছিল ৮১ কোটি টাকা।