News71.com
 Bangladesh
 29 Jul 17, 03:41 AM
 254           
 0
 29 Jul 17, 03:41 AM

পানির প্রাপ্যতা ও তার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে ১০০ বছর মেয়াদি 'ডেল্টা প্ল্যান' বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

পানির প্রাপ্যতা ও তার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে ১০০ বছর মেয়াদি 'ডেল্টা প্ল্যান' বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১২টি দেশের সহযোগিতায় বাংলাদেশে এক শ বছর মেয়াদি 'ডেল্টা প্ল্যান' বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক 'ঢাকা পানি সম্মেলন ২০১৭' এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দীর্ঘমেয়াদি সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনায় আগামী এক শ বছর মেয়াদি 'বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০' নামে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। যাতে এক শ বছরে পানির প্রাপ্যতা, তার ব্যবহার এবং প্রতিবেশগত বিষয়সমূহ বিবেচনায় রাখা হয়েছে। বাংলাদেশকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন, এতে সমতল, পাহাড় ও উপকূলীয় এলাকাকে ভিন্ন ভিন্ন পরিকল্পনার আওতায় নেওয়া হয়েছে। তিনি বলেন ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য ও পানির বৈশিষ্ট্যের ভিন্নতা বিবেচনায় নিয়েই বাংলাদেশের অণ্চলগুলোকে এভাবে বিভক্ত করা হয়েছে ।

প্রধানমন্ত্রী বলেন, আর্সেনিক ও লবণাক্ততা, ভূ-গর্ভস্থ পানির স্তর হ্রাস, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের অপ্রতুলতা, পানির অপচয় এবং শিল্প বর্জ্যসহ নানা কারণে পানি দূষণ, বাংলাদেশে পানির ব্যবহার ও ব্যবস্থাপনায় মূল সমস্যা। তিনি আরো বলেন, এসব সমস্যা মোকাবিলা করতে বাংলাদেশ স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এসময় তিনি জলবায়ুর বিরূপ প্রভাবে পানি ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে পৃথক তহবিল গঠনের দাবির কথা আবারো উল্লেখ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে এ মুহূর্তে ২৪০ কোটি মানুষ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। এ ছাড়া নিরাপদ পানির অভাবে পৃথিবীতে বছরে ১০ লাখ মানুষ মারা যান, যাদের অধিকাংশই শিশু। তিনি আরও বলেন, বিশুদ্ধ খাবার পানি শুধু আমাদের বেঁচে থাকার জন্যই নয়, সব প্রাণিকূলেরও বেঁচে থাকার জন্য অপরিহার্য। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন