
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় দক্ষ ও প্রশিক্ষিত প্রায় তিন হাজার জনশক্তি নেবে সৌদি আরবের ইস্টার্ন রিক্রুটমেন্ট কোম্পানি। গতকাল বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । গতকাল এক বৈঠকে জনশক্তি রফতানির বিষয়ে ইস্টার্ণ রিক্রুটমেন্ট কোম্পানির সিইও ফাহাদ আল সুলাইমের সঙ্গে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ মিলিত হন। এ সময় ইস্টার্ণ রিক্রুটমেন্ট কোম্পানির সিইও ফাহাদ বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করেন এবং বলেন, এই চলতি বছর ২০১৭ সালের মধ্যে বিভিন্ন পেশার প্রায় তিন হাজার জনশক্তি বাংলাদেশ থেকে আমদানি করা হবে। আরও বলেন বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার দক্ষ ও প্রশিক্ষিত নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশের কোম্পানিগুলোর প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন। সিইও বলেন, সৌদি আরব আসার আগে শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হলে অনেক ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে।
জনশক্তি নিয়োগের সময় তাদের প্রশিক্ষণের গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সব ধরনের সুবিধা প্রদান করা হবে বলে তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করেন। বাংলাদেশ রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের কর্ম পরিবেশ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের ধারনা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা হলে শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি পাবে। এ সময় রাষ্ট্রদূত সাধারণ জনশক্তির পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে আমদানির আহবান জানান। মতবিনিময় সভায় নেসমা, আল ইয়ামামা, নাসের আল-হাজারি, তামিমিসহ অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও দূতাবাসের কউন্সেলর (শ্রম) মো. সারওয়ার আলম, প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব (প্রেস) মো. ফখ্রুল ইসলাম উপস্থিত ছিলেন ।