
নিউজ ডেস্কঃ আমদানী সুবিধার জন্য আগামী ১ আগস্ট থেকে সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবে বেনাপোল স্থলবন্দর দিয়ে। ভারতের সঙ্গে বাণিজ্যে গতিশীলতা ও বন্ধুত্ব সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ওইদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার কার্যক্রম উদ্বোধন করবেন। বেনাপোল স্থলবন্দর পাঁচ/সাত বছর ধরে ভারতের পেট্রাপোল এবং বেনাপোল বন্দরে প্রচণ্ড যানজট লেগেই থাকে। এ যানজটের কারণে ভারত এবং বাংলাদেশের উভয় পাশে ব্যবসায়ীরা দ্রুত মালামাল খালাস নিতে পারে না। দীর্ঘ সময় লাগে মালামাল খালাস করতে। বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নিমিত্তে ইতিমধ্যে বন্দর এবং কাস্টমস এর সাথে প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীদের যে বৈঠক এবং মতবিনিময় সভা হয়েছে ।
এ মতবিনিময় সভায় বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল বন্দরে এই মুহূর্তে মালামাল রাখার ধারণ ক্ষমতা ২০ থেকে ২৫ হাজার মেট্রিক টন। কিন্তু মালামাল রয়েছে দুই লাখ মেট্রিক টন। যত্রতত্র খোলা আকাশের নীচে, রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে আমদানিকৃত এ সব মালামাল। ভারতের অংশে ২০/২৫ দিন আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকার পর যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন বেনাপোল বন্দরে মালামাল রাখার জায়গার অভাব এবং ক্রেন ও ফরক্লিপট না থাকার কারণে এ সব মালামাল আনলোডের অপেক্ষায়ও ১০/১২ দিন দাঁড়িয়ে থাকছে।ইতিমধ্যে ভারত সরকার তিনশ' বিঘা জমির উপরে যে নতুন ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করেছিলেন। তা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছিলেন দু-দেশের প্রধানমন্ত্রী। সে সময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী দ্বয়।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ীরা এবং আমদানি-রফতানিকারকগণ বলেন, 'প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টা ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ। সে ক্ষেত্রে প্রতিদিন ভারত থেকে আটশ' থেকে এক হাজার পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে হবে। কিন্তু বেনাপোল বন্দরে যানজটের কারণে সেটা কি সম্ভব ? সে ক্ষেত্রে অনতি বিলম্বে বাংলাদেশ অংশে বন্দরের নিজস্ব ট্রাক টার্মিনাল, আমদানিকৃত বিভিন্ন কোম্পানির নতুন গাড়ি রাখার জন্য দুইশ' একর জমির উপরে ওপেন ইয়ার্ড, ভারী মালামাল মেশিনারি বা অন্যান্য মালামালের ক্ষেত্রে নতুন নতুন ইয়ার্ড এবং শেড প্রয়োজন। সে ক্ষেত্রে কম পক্ষে ৫০ একর জমির প্রয়োজন এবং ভারতীয় ট্রার্মিনাল হতে আমড়াখালী পর্যন্ত পাঁচ কিলোমিটার বাইপাশ সড়ক জরুরি নির্মাণ প্রয়োজন। এছাড়াও বেনাপোল বন্দরের প্রশাসনিক কার্যালয় না থাকায় বহুতল বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ জরুরি। এ দিকে চার দেশীয় ট্রানজিট বিশাল ভারত বর্ষের একমাত্র করিডোর বেনাপোল বন্দর। সে ক্ষেত্রে পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে ২৪ ঘণ্টা কাস্টমস, ইমিগ্রেশন খোলা এবং এ সব যাত্রীদের থাকা, খাওয়ার সুব্যবস্থাসহ এখানে ৫০ শয্যা বিশিষ্ট একটি বন্দর হাসপাতাল প্রয়োজন। বেনাপোল বন্দরের ২৪ ঘণ্টা কার্যক্রম চালুসহ সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে বন্দরের অবকাঠামোসহ এগুলো বাস্তবায়ন করা জরুরি প্রয়োজন।