
নিউজ ডেস্কঃ বরিশাল রেঞ্জে পুলিশের ডিআইজি , আরএমপির কমিশনারসহ ৭ ডিআইজি ১২ জন এসপি পদে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিএনপিপন্থি খ্যাত কর্মকর্তা মো: আব্দুল মান্নানকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ গনকর্মচারী (অবসর) আইন ১৯৭৪ (Act no XII of 1974) এর ৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাকে তাকে অবসর প্রদান করেছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে । অব্যাহতি দেয়ার আগ পর্যন্ত তিনি নৌ পুলিশে কর্মরত ছিলেন । আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বরিশালের ডিআইজি ও পুলিশ সুপার পদে পরিবর্তন আনার সঙ্গে ইউএনও গাজী তারিক সালমনের নাজেহাল হওয়ার কোন সম্পৃক্ততা নেই বলে জানাগেছে । এটি এক ধরনের ‘রুটিন’ পরিবর্তন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে বরিশালের ডিআইজি শেখ মারুফ হাসানকে নৌ পুলিশের ডিআইজি পদে বদলী করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে আনা হয়েছে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি পদে। এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার পদে বদলি করা হয়েছে।
নৌ পুলিশের ডিআইজি মনিরুজ্জামানকে পুলিশ সদর দফতরের ডিআইজি, সিআইডির শৈবাল কান্তি চৌধুরীকে এসপিবিএনের ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এ ওয়াই এম বেলালুর রহমানকে ডিআইজির চলতি দায়িত্বে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান তারিককে পুলিশ সদর দফতরের ডিআইজি পদে আনা হয়েছে।
এদিকে বরিশালের পুলিশ সুপার (এসপি) আক্তারুজ্জামানকে পুলিশ সদর দফতরের এআইজি, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে ডিএমপিতে বদলি করা হয়েছে। আর ডিএমপির উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরাকে হবিগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির ডিসি সাইফুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার এবং এসপিবিএনের পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে