
নিউজ ডেস্ক : নারী ও শিশুদের প্রতি সহিংসতাকারীরা যেন কোনোভাবেই উপযুক্ত শাস্তি থেকে পার না পায়।ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের সন্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশনে প্রতিমন্ত্রী ডিসিদের এই নির্দেশ দেন। পরে অধিবেশন শেষে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সাংবাদিকদের বলেন, “নারী ও শিশুর প্রতি কোথাও সহিংসতা হলে- যারা সহিংসতা করবে তারা যেন কোনোভাবেই পার না পায় সেদিকে খেয়াল রাখার কথা বলেছি। তিনি আরও বলেন কোথায়, কখন, কোন ঘটনা ঘটবে- সব সময় কারো পক্ষেই জানা সম্ভব না।” এছাডাও বাল্য বিয়ের হার কমে আসায় সন্তোষ প্রকাশ করে এজন্য ডিসিদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদও জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
সভায় জেলা পর্যায়ের প্রশাসনের এই সর্বোচ্চ পদের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী চুমকি বলেন, “আমাদের যে কয়টা চ্যালেঞ্জ আছে তার মধ্যে একটি হল বাল্য বিয়ে। বাল্য বিয়ের ব্যাপারে আশাব্যঞ্জক বিষয় হল, বাল্যবিয়ে নিয়ে সর্বশেষ যে রিপোর্ট এসেছে- সেখানে বাল্য বিয়ে আমরা যেভাবে প্রত্যাশা করছি, সেটা (বাল্য বিয়ে) অনেকাংশে কমে এসেছে।” বিশেষ করে সিলেট বিভাগে বাল্য বিয়ে অনেক কমে গেছে জানিয়ে চুমকি বলেন, “এজন্য তাদের ধন্যবাদ দিয়েছি। প্রত্যেক ডিসিকে আমরা দিকনির্দেশনা দিয়েছি আপনারা প্রত্যেকে এ ব্যাপারে আরো বেশি সক্রিয় হবেন।
জেলা পর্যায়ে কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ এবং শিশু অ্যাকাডেমির ভবন সম্প্রসারণে ডিসিরা যে প্রস্তাব রেখেছেন সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিসিদের সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোকে কীভাবে সমন্বয় করব, কীভাবে তাদের আরও অ্যাকটিভ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই কার্যঅধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি এতে অংশ নিতে পারেননি । সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কার্যঅধিবেশনে অংশ নেন।