
নিউজ ডেস্কঃ কাউকে আর লাইনে দাড়িয়ে টিকেট কাটতে হবে না। প্রয়োজন মতো আগাম টিকেট ক্রয় করে চিকিৎসাসেবা নিতে পারবেন যে কেউ। টিকেটের মূল্যও পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং সিস্টেমে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামী মাসের মধ্যেই চালু হচ্ছে এই রকম সুবিধা সম্বলিত ই-টিকেটিং সিস্টেম। এ ব্যাপারে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে এতে হাজার হাজার রোগীর ভোগান্তি কমবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান কালের কণ্ঠকে জানান, ই-টিকিটিং সিস্টেম চালু হলে রোগীরা কম্পিউটার, ল্যাপটপ বা সেলফোনের মাধ্যমে বিএসএমএইউর ওয়েবসাইটে গিয়ে ই-টিকেট বাটনে ক্লিক করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিয়ে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে রোগীরা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে। তিনি জানান, শুরুতে বৈকালিক স্পেশালাইজড সেকশনে এ সেবা চালু হবে। পরবর্তীতে সকালের বহির্বিভাগেও এটি চালু হবে যাতে প্রতিদিন পাঁচ থেকে আট সহস্রাধিক রোগী লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করেন।
আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে আইটি সেলের উদ্যোগে এ সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আইটি সেলের পরিচালক এ আর আজিমুল হক রায়হান ই-টিকেট কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন প্রমূখ উপস্থিত ছিলেন।